হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযি:) হতে বর্ণিত আছে,তিনি বলেন, রাসূল (সা:) বলেছেন: পাচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে।
এগুলো হলো আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সা:) তার বান্দাহ ও রাসূল একথার সাক্ষ্য দেয়া, নামাজ কায়েম করা, যাকাত দেয়া, হজ্জ করা ও
রমজান মাসের রোজা রাখা।
(বুখারী,মুসলিম)
ব্যাখ্যা:
এ হাদীসে ইসলামকে একখানা ঘরের সাথে এবং কালেমা, নামাজ যাকাত, হজ্জ ও রমজান মাসের রোজাকে তার খুটির সাথে তুলনা করা হয়েছে।
হুজুর (সা:) ইসলামকে বুঝার জন্য একটি সুন্দর উপমা আমাদের সামনে তুলে ধরেছেন।
লক্ষণীয় বিষয় এই যে, খুটি ছাড়া যেমন ঘরের কল্পনা করা যায় না,
তেমনি নিছক খুটিকেও ঘর বলা হয় না। হাদীসে উল্লেখিত পাচটি জিনিস হলো ইসলামের ভিত্তি মাত্র, পূর্ণ ইসলাম নয়।
কাজেই কেউ যদি উপরোক্ত পাচটি কাজ সমাধা করে মনে করে যে, ইসলামের যাবতীয় চাহিদা পূরণ করে ফেলেছে,
তাহলে সেটা সেই ধরণেরই ভূল হবে, যেমন একটা লোক খুটি পুতে দিয়ে মনে করল সে ঘর তুলে ফেলেছে।
শুধু কয়েকখানা (চালা বিহীন) খুটি যেমন মানুষকে রোদ বৃষ্টি হতে বাচাতে পারে না,
তেমনি নিছক এ পাচটি কাজ সমাধা করেই মানুষ পরকালের জওয়াবদিহী হতে বাচতে পারবে না।
যে জীবন বিধান মহানবী (সা:) মানব জাতির নিকট পেশ করেছেন তার সবটুকুই ইসলাম।
একে পুরোপুরি গ্রহণ করে মানুষ ইহকাল পরকালে সর্বাত্মক কল্যাণ লাভ করতে পারে।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

